বিশ্বকাপ দলে নেইমারের থাকা নির্ভর করছে পারফরম্যান্সের ওপর: ব্রাজিল কোচ

0
20

দীর্ঘদিন ধরে চোটের কারণে ভুগতে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, তা এখন নির্ভর করছে তার পারফরম্যান্সের ওপর। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার এখন আর ব্রাজিল দলে ‘অটো চয়েস’ নন।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আনচেলত্তি এই কথা বলেন।

ব্রাজিল কোচ স্পষ্ট জানিয়েছেন যে, বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে কোনো খেলোয়াড়ের সুনাম বা নাম নয়, বরং ফর্ম এবং পারফরম্যান্সই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

আনচেলত্তি বলেন, ‘‘যদি আমরা নেইমারের কথা বলি, তাহলে অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। ব্রাজিল হতে পারে নেইমারকে নিয়ে কিংবা নেইমারকে বাদ দিয়েও।’’

তিনি যোগ করেন, ‘‘আমি পরিষ্কার করে বলতে চাই আমরা এখন ডিসেম্বর মাসে আছি। বিশ্বকাপ হবে জুনে। আমি দল ঠিক করব মে মাসে। যদি নেইমার দলে থাকার যোগ্যতা দেখাতে পারে, যদি সে ভালো থাকে এবং অন্যদের চেয়ে ভালো হয়, তাহলে সে খেলবে। এখানে আমার কারও প্রতি কোনো দেনা নেই।’’

ব্রাজিল কোচ আরও জানান, নেইমারকে কেন্দ্র করে এখনই আলোচনা শুরু করার সময় আসেনি। মার্চের ফিফা সূচির পর তিনি চূড়ান্ত দল নিয়ে কাজ শুরু করবেন। বর্তমানে নেইমার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন।