রাতেও শিক্ষা ভবনের সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবস্থান

0
96

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে গতকাল (রবিবার) দিনভর রাজধানী অবরোধ করার পর রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা বিবেচনা করে সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও, চূড়ান্ত অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, দেড় লক্ষাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো অগ্রগতি না আসায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আব্দুর রহমান (ঢাকা কলেজ): তিনি বলেন, ‘‘আমরা ঘরে ফিরে গিয়ে আবার অনিশ্চয়তায় ডুবতে চাই না। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থানই আমাদের একমাত্র উপায়। কারণ, আমরা এবার অধ্যাদেশের ১ দফা দাবিতেই রাস্তায় নেমেছি।’’

স্মৃতি আক্তার (ইডেন মহিলা কলেজ): তিনি জানান, ‘‘যত কষ্টই হোক, অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব। এর আগে আমরা এখান থেকে যাচ্ছি না। রাতদিন শিক্ষা ভবনের সামনেই থাকব।’’

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি নাঈম হাওলাদার জানান, গতকাল সকাল ১০টার দিকে সাত কলেজের সাতটি পয়েন্ট থেকে পৃথক পদযাত্রা বের হয়ে শিক্ষা ভবনের সামনে আসে। এরপর কলেজ রোড, আব্দুল গণি রোড, দোয়েল চত্বর ও হাইকোর্টের মাজার রোডসহ চারটি গুরুত্বপূর্ণ সড়ক প্রায় ৫ ঘণ্টা ধরে অবরোধ করা হয়। এতে সচিবালয় এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জনদুর্ভোগ বিবেচনায় শিক্ষার্থীরা পরে অবরোধ প্রত্যাহার করে নিলেও শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। নাঈম হাওলাদার বলেন, “দেয়ালে পিঠ ঠেকে গেছে। অধ্যাদেশ ছাড়া আর কেউ বাসায় ফিরবে না।”

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ, অবস্থান ও ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলন আরও জোরদার করা হবে। সে ধারাবাহিকতায় আজ সোমবার সকাল থেকে নতুন করে অবস্থান-অবরোধ কর্মসূচিতে আরও শিক্ষার্থী যুক্ত হবেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিল।