ভারতের ক্রিকেটারদের ১০ শতাংশ জরিমানা

0
28

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের দায়ে ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। রায়পুরে গত বুধবার অনুষ্ঠিত ম্যাচের চার দিন পর সোমবার এই শাস্তির ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করে ভারত। নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম করায় খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা ধার্য করা হয়।

ওয়ানডে সিরিজে শুবমান গিলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে ভিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ৩৫৮ রান তোলে ভারত। জবাবে এইডেন মার্করামের সেঞ্চুরিতে রেকর্ড রান তাড়ায় ৪ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

তবে শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে গত শনিবার প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় ভারত।