লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে স্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু

0
27

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন হারুনুর রশীদ (৬৩) নামে এক বিএনপি নেতা। তার মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

হারুনুর রশীদ সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, পেশায় কৃষক এবং পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর নোয়া বাড়ির বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উপস্থিতিতে মহিলাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক চলছিল। সভা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা হারুনুর রশীদ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তিনি মারা যান।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “হারুন বিএনপির প্রবীণ নেতা। দলের প্রতি তার অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা তার পরিবারের পাশে রয়েছি।”