বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা এ বছর ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক পেয়েছেন। নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মোট চার নারীকে এই পুরস্কার দেওয়া হয়।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঋতুপর্ণা চাকমার হাতে এই পদক তুলে দেন।
আজ ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা নারী ফুটবলে বাংলাদেশের সাফল্যের ধারায় অসাধারণ অবদান রেখেছেন। বাংলাদেশ নারী ফুটবল দল পরপর দুইবার—২০২২ ও ২০২৪ সালে—সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নতুন ইতিহাস রচনা করেছে। দলটি প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নেয়।
জাতীয় দলে অভিষেক: ২০২১ সালে।
গোল সংখ্যা: এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ১৩ গোল করেছেন।
সেরা খেলোয়াড়: ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এশিয়ান বাছাই: এ বছর মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান বাছাইয়ে দলের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেন তিনি।

