রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

0
83

রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে মঙ্গলবার (০৯ ডিসেম্বর)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কয়েকটি বিচারিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হলো।

যেসব স্থানের সামনে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে সেগুলো হলো–
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যেন যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হচ্ছে।