পঞ্চগড়ে টানা পাঁচ দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, বাড়ছে শীতজনিত রোগী

0
56

টানা পাঁচ দিন ধরে পঞ্চগড়ে শীত তীব্র আকার ধারণ করেছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করছে। আজ বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

এর আগের দিন মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৯ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৪ শতাংশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি।

রবিবার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি, আর্দ্রতা ৯৯ শতাংশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

টানা মৃদু শৈত্যপ্রবাহ ও ভোর-সকালের তীব্র শীতের কারণে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ উপজেলায় দিন দিন তাপমাত্রা কমছে। কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। বুধবার সকাল ৬টায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন পর তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।”