তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি–দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে তা খুব কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে এখন থেকে যে কোনো আন্দোলন কঠোরভাবে মোকাবিলা করা হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
শফিকুল আলম বলেন, ‘আমরা এখন নির্বাচনের মোডে। এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের দাবি–দাওয়া, আন্দোলন নিয়ে রাস্তায় নামলে এই পুরো বিষয়টি খুব কঠোরভাবে দমন হবে। আমরা একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখছি, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও আন্দোলন করার চেষ্টা চলছে। সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে—এটা কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন, তাদের আইনের আওতায় আনা হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আপনারা চাইলে পুলিশ সদর দপ্তরের সঙ্গে কথা বলতে পারেন, তারা গত ছয় মাস বা গত বছরের আইনশৃঙ্খলার একটি পরিসংখ্যান দেবে। আমরা যে পরিসংখ্যান দেখছি, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।’
নির্বাচনকে ঘিরে প্রস্তুতির প্রসঙ্গে শফিকুল আলম জানান, নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সাড়ে তিন লাখ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে। ‘বডি ক্যামেরা কীভাবে চালাতে হয়, সিসিটিভি ব্যবহারে কীভাবে কাজ করতে হয়—এসব নিয়েও প্রশিক্ষণ চলছে,’ বলেন তিনি।
প্রধান উপদেষ্টার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বারবার বলছেন—জাতিকে একটি খুবই সুন্দর, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ, উৎসাহমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে।’
গত ১৬ মাসের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৬ মাসে ২ হাজারটি আন্দোলন হয়েছে। নতুন সরকারের একটা সিদ্ধান্ত ছিল—এগুলোকে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা। কিছু ক্ষেত্রে লাঠিচার্জের বাইরে কিছু হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা।’