১৪ বছরের কম মেয়েদের স্কুলে হিজাব নিষিদ্ধের আইন পাস অস্ট্রিয়ায়

0
43

১৪ বছরের কম বয়সী মেয়েদের জন্য বিদ্যালয়ে হিজাব পরা নিষিদ্ধ করে নতুন আইন অনুমোদন করেছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। বৃহস্পতিবার দেশটির সংসদে আইনটি পাস হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

নতুন আইনে বলা হয়েছে, দেশজুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ বছরের কম বয়সী ছাত্রীদের “ইসলামী ঐতিহ্য অনুযায়ী মাথা ঢেকে রাখার” হিজাব পরা নিষিদ্ধ। অস্ট্রিয়া সরকার দাবি করছে, এটি নাকি মেয়েদের “নিপীড়ন থেকে রক্ষা” করার পদক্ষেপ।

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও নানামতের বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরও বাড়াবে।

কঠোর অভিবাসনবিরোধী মনোভাব বেড়ে যাওয়ায় রক্ষণশীল সরকার দীর্ঘদিন ধরে চাপের মুখে রয়েছে। সেই প্রেক্ষাপটেই চলতি বছরে স্কুলগামী মেয়েদের হিজাব নিষিদ্ধের প্রস্তাব আনে সরকার।

বিরোধী গ্রিন পার্টি এই আইনের বিরুদ্ধে ভোট দিয়ে একে সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছে। এর আগে ২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করেছিল অস্ট্রিয়া, কিন্তু সে সময় দেশটির সাংবিধানিক আদালত ওই নিষেধাজ্ঞাকে “অসাংবিধানিক ও বৈষম্যমূলক” আখ্যা দিয়ে বাতিল করে দেয়। এবার সরকার জোর দিয়ে বলছে, নতুন আইনটি সাংবিধানিক মানদণ্ডকে সামনে রেখেই তৈরি করা হয়েছে।

সরকার জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে প্রথমে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নতুন নিয়ম সম্পর্কে অবহিত করা হবে; তখন আইন ভাঙার দায়ে কেউ জরিমানার মুখে পড়বে না। তবে এরপরও বারবার অমান্য করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে ১৫০ থেকে ৮০০ ইউরো (প্রায় ১৭৫–৯৩০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হবে।

অস্ট্রিয়ার সরকারের হিসাব অনুযায়ী, নতুন আইনটি দেশের বিভিন্ন স্কুলের প্রায় ১২ হাজার মেয়ে শিক্ষার্থীকে প্রভাবিত করবে। ২০১৯ সালের এক গবেষণায় বলা হয়েছিল, ছয় বছর আগে ১৪ বছরের কম বয়সী প্রায় তিন হাজার মেয়ে শিক্ষার্থী হিজাব পরত।

সূত্র : এএফপি