মিয়ানমারে পাচারকালে সিমেন্ট, চোরাই পণ্যবোঝাই বোটসহ আটক ২২

0
68

কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র উপকূলে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২২ জন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এসব সিমেন্ট ও চোরাই পণ্য তারা সাগরপথে মিয়ানমার এবং বাংলাদেশে পাচার করছিলেন বলে জানা যায়।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সেন্টমার্টিন্স কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে এদিন ভোর রাতে ওই জাহাজ সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অপর একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১২০০ পিস বার্মিজ লুঙ্গিসহ ১১ জন মিয়ানমারের পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।