গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ৩টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রার্থনার পাশাপাশি দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।
মির্জা ফখরুল লেখেন, “এ মুহূর্তে পাওয়া খবরে জানা গেছে, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ় ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মতাদর্শ ভিন্ন হলেও ভয়ভীতি বা শক্তির আশ্রয় গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের আচরণ সকলকে একযোগে প্রত্যাখ্যান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।