ঘিওরে সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল নদীতে

0
48

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইছামতি নদীতে উল্টে পড়েছে। এতে অন্তত ৬ লাখ টাকার সার নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঘিওর বাজার সংলগ্ন কুস্তা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে বিভিন্ন প্রকারের প্রায় সাড়ে পাঁচ শতাধিক বস্তা সার বোঝাই ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে সার নিয়ে ট্রাকটি ঘিওর বাজারের উদ্দেশে আসছিল। মূল সড়ক বাদ দিয়ে চালক ভুলবশত ঝুঁকিপূর্ণ ও সরু একটি পথ দিয়ে বাজারে ঢোকার চেষ্টা করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইছামতি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হন, তবে কোনো প্রাণহানি ঘটেনি।

ক্ষতিগ্রস্ত সার ব্যবসায়ী ওয়াজেদ আলী অভিযোগ করে বলেন, “চালকের খামখেয়ালির কারণেই এই দুর্ঘটনা। এ রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণত বড় যানবাহন এখানে চলে না। সতর্ক হলে এতো বড় ক্ষতি হতো না।”

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, ঘিওর কুস্তা বন্দর গরুহাট সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং বড় যানবাহন চলাচলের অনুপযুক্ত।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুব বলেন, “দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নদী থেকে নষ্ট হয়ে যাওয়া সার উদ্ধারের চেষ্টা করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।”