ফ্যাসিস্ট-ডেভিলদের সব অপচেষ্টা সফল হবে না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ভাষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। তিনি বলেন, “আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই—যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি জানান, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তার সুস্থতার জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করার আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, “সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি আবারও দেশবাসীকে আশ্বস্ত করতে চাই—যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারের পাশাপাশি দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো একযোগে সম্প্রচার করছে।