শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0
56

১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার আদালত সূত্রে জানানো হয়, পেট্রোলিয়াম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতিসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রানাতুঙ্গা ও তার ভাইয়ের বিরুদ্ধে তেল কেনার চুক্তি দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম, নিয়ম পরিবর্তন এবং অতিরিক্ত ব্যয় করার অভিযোগ রয়েছে।

দুর্নীতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার তথ্য অনুযায়ী, মোট ২৭ বার তেল কেনার কারণে শ্রীলঙ্কা সরকারের প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপির আর্থিক ক্ষতি হয়েছে। ঘুষ বা দুর্নীতি তদন্ত কমিশনের (CIABOC) দাবি, এসব কেনাকাটা ২০১৭ সালে সম্পন্ন করা হয়েছিল।

তদন্তের জন্য গঠিত কমিশন কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গদা বোদারাগামাকে জানায়, অর্জুনা রানাতুঙ্গা বর্তমানে বিদেশে রয়েছেন এবং দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হবে।

এদিকে সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী রানাতুঙ্গার ভাই ও তৎকালীন রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের (CPC) চেয়ারম্যান ধামিকা রানাতুঙ্গাকে সোমবার গ্রেফতার করা হয়। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে আদালত তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন। ধামিকা রানাতুঙ্গার শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়াও রানাতুঙ্গার আরেক ভাই ও সাবেক পর্যটন মন্ত্রী প্রসন্না রানাতুঙ্গাকে গত মাসে একটি বীমা জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। সেই মামলা বর্তমানে স্থগিত রয়েছে। তবে এর আগে, ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে। ক্রিকেট মাঠে দেশের গর্ব হয়ে ওঠা এই অধিনায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।