মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকৃত মুক্তিযোদ্ধাদের গভীরভাবে অপমান করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সময়ের পরিবর্তন হলেও দলটির চিন্তাভাবনা ও রাজনৈতিক অবস্থানে কোনো মৌলিক পরিবর্তন আসেনি।
তিনি বলেন, “একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা হয় না। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, গোলাম আযম ও নিজামীর মতো ব্যক্তিদের সূর্যসন্তান বলা মানে হলো প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের চরম অপমান করা।”
তিনি আরও বলেন, স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি আজও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সক্রিয় রয়েছে এবং ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার ও সুদৃঢ় করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আবার গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে।