আইপিএলের নিলামে দারুণ দাম পেয়ে নতুন ঠিকানা পেলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে লড়াই শুরু করে শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
মুস্তাফিজের জন্য প্রথম আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে দৌড়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সও। তিন ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ে দাম বাড়তে বাড়তে শেষ পর্যন্ত কেকেআরের ঝুলিতেই পড়েন কাটার মাস্টার।
নতুন দলে যোগ দিতে মুখিয়ে আছেন মুস্তাফিজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘পার্পলে স্বপ্ন দেখছি। রোমাঞ্চিত এবং পার্পল পরিবারে যোগ দিতে তর সইছে না।’
আইপিএলে কেকেআরের জার্সি এবারই প্রথম গায়ে চাপাবেন মুস্তাফিজ। তবে লিগটিতে এটি তার ষষ্ঠ দল। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন।
এবারের নিলামে সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও দল পেয়েছেন কেবল দুজন—মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এর মধ্যে নতুন ঠিকানা ও মোটা অঙ্কের চুক্তিতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মুস্তাফিজ।