মাধবপুরে বাস-লরির সংঘর্ষে সুপারভাইজার নিহত

0
42

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে বাস ও তেলবাহী লরির সংঘর্ষে আল মোবারাকা পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫ নম্বরের একটি খালি তেলবাহী লরিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩ নম্বরের আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় বাসের অজ্ঞাতনামা সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে সংবাদ লেখা পর্যন্ত নিহত সুপারভাইজারের নাম ও ঠিকানা শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার পরও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।