‘খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন’: ডা. এজেডএম জাহিদ হোসেন

0
61

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে সম্পৃক্ত তারা এবং হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন এসব কথা জানান।

তিনি বলেন, “মনে রাখতে হবে, তার বয়সের চেয়ে বেশি তার অসুস্থতা এবং তাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই তার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গেছে। এবার তিনি অসুস্থ হয়ে বেশি সময় পার করছেন।”

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল আছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন আগে যে অবস্থায় ছিলেন, আলহামদুলিল্লাহ সেটি তিনি মেইনটেইন করতে পারছেন।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তিন দিন পর ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

ডা. জাহিদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার বিষয়ে তদারকি করছেন। এ ছাড়া মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার এবং বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরাও খোঁজখবর রাখছেন।

তিনি বলেন, “তার পাশে তো আর থাকা যাচ্ছে না, যেহেতু তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন। তাই তারা হাসপাতালে অথবা হাসপাতালের বাইরে অবস্থান করে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন।”

অধ্যাপক জাহিদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এই হাসপাতালে আরও অনেক রোগী চিকিৎসাধীন আছেন। তাদের চিকিৎসায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছে।

সবশেষে তিনি অনুরোধ করেন, “কোনো অবস্থাতেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য অন্যদের চিকিৎসায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে এবং কোনো নেতাকর্মী কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে। এটা আমরা বিশ্বাস করি।”