রাজধানীর সদরঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ধারালো ছুরি-চাকু উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে সদরঘাট নৌ থানার নৌ টহল দলের ইনচার্জ এসআই (নি.) মফিজুল ইসলাম সংবাদ পান যে, দক্ষিণ কেরানীগঞ্জের ফরাসগঞ্জ লঞ্চঘাট এলাকায় একদল ডাকাত নৌকার মাঝি আব্দুল কাদেরকে জিম্মি করে তার নৌকা ব্যবহার করে বুড়িগঙ্গা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে নৌ টহল দল, পন্টুন ডিউটি পার্টির ইনচার্জ এএসআই (নি.) মুস্তাফিজ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মরন ভূঁইয়া (৪০) ও সিরাজ মোল্লা (৩৩)। পালানোর সময় মরন ভূঁইয়া নৌকার কাঠের অংশে আটকে ডান পায়ে গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।অভিযানের সময় মরন ভূঁইয়ার হাতে থাকা একটি ব্যাগ থেকে পাঁচটি স্টিলের ধারালো ছুরি-চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, ডাকাত দলের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


