টাইব্রেকারের নাটকে প্রথমবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি

0
51

ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁ (পিএসজি)। কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ ড্র হওয়ার পর টাইব্রেকারে ২-১ ব্যবধানে জেতে লুইস এনরিকের দল।

পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে আক্রমণে আধিপত্য করেছে পিএসজি। প্রথমার্ধে খাভিচা কাভারাত্ৎসখেলিয়ার গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। তবে বিরতির পর পেনাল্টি থেকে জর্জিনিয়োর সফল স্পট কিকে সমতায় ফেরে ফ্ল্যামেঙ্গো। এরপর নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে শুরুতে দুই দলই নিজেদের প্রথম শটে গোল করে। এরপর সাউল নিগেসের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন পিএসজি গোলরক্ষক সাফানভ। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি দেম্বেলে, তার শট চলে যায় ওপরে দিয়ে। ফ্ল্যামেঙ্গোর দ্বিতীয় শুটার পেদ্রোর নেওয়া স্পট কিকও ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন সাফানভ। এরপর নুনো মেন্দেস গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

পিএসজির তৃতীয় শট নেওয়া ব্র্যাডলি বার্কোলার প্রচেষ্টা ঠেকিয়ে কিছুটা উত্তেজনা ফেরান ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত সাফানভের দুর্দান্ত গ্লাভসেই নির্ধারিত হয় শিরোপার ভাগ্য। লিও পেরেইরার সোজা শট ফিরিয়ে দেওয়ার পর লুইস আরাউহোর শেষ শটও ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে শুরু হয় পিএসজির ট্রফি উৎসব।

এর আগে জানুয়ারিতে ফরাসি সুপার কাপ জিতে চলতি বছরের প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল পিএসজি। বছর ঘুরতে ঘুরতেই তারা জিতেছে ফরাসি কাপ, লিগ আঁ এবং প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ—ট্রেবল জয়ের পর বছরের শেষে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে নিজেদের বিশ্ব সেরা ক্লাব হওয়ার দাবিটা আরও জোরালো করল প্যারিসিয়ানরা।