চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালের দিকে অভিযান চালিয়ে আমান বাজার থেকে মোহাম্মদ জুয়েল (২৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ভিকটিম নিজে বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ জুয়েল কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ভোগ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডস্থ মিয়া ঘোনা বড়গোপ এলাকার (আব্দুস সালামের বাড়ি) আজম কলোনীর বাসিন্দা।
জানা যায়, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় গেল ৮ জুন সোমবার সকালে বাসার সবার অনুপস্থিতিতে বড় বোনের জামাই জুয়েল নিজের শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগী শ্যালিকা নিরুপায় হয়ে ওইদিন রাতেই দুলাভাইকে বিবাদী করে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বুধবার সন্ধ্যার দিকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।