গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সামনে থেকে ককটেলসদৃশ ৪টি বস্তু উদ্ধার করেছে র্যাব বোম ডিসপোজাল টিম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কোমরপুর গ্রামীণ ব্যাংক শাখার প্রধান ফটকের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জায়গাটি ঢাকা–রংপুর মহাসড়কসংলগ্ন কোমরপুর বাসস্ট্যান্ড এলাকা।
স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে ব্যাংকের মূল ফটকের সামনের সড়কে ককটেলসদৃশ লাল রঙের কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাব-১৩, রংপুরের বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করে। পরে র্যাবের বোম ডিসপোজাল টিম সেখানে গিয়ে অবিস্ফোরিত ৪টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
বুধবার রাতে র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হেলমেট পরা চারজন অজ্ঞাত ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে এসে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ও ওভারব্রিজ এলাকায় লাল রঙের চারটি ককটেলসদৃশ বিস্ফোরক বস্তু নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পরে উদ্ধার করা বস্তুগুলো নিরাপদ সংরক্ষণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, “ককটেল বোমাসদৃশ বস্তু উদ্ধার করে র্যাবের সহায়তায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এগুলো দেখতে ককটেলের মতো হলেও তাৎক্ষণিক বিস্ফোরণের আশঙ্কা নেই। বস্তুগুলো পানিতে ভিজিয়ে নিরাপদভাবে থানায় সংরক্ষণ করা হয়েছে।”
তিনি আরও জানান, কে বা কারা এই বস্তুগুলো ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এগুলো ফেলে পালিয়ে গেছে।