রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’ সংস্কৃতি ভবনে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতের পর এই ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতের কোনো এক সময় একদল হামলাকারী ভবনটিতে অতর্কিতে প্রবেশ করে তাণ্ডব চালায়। হামলাকারীরা ভবনের ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর করে। একপর্যায়ে তারা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভবনটিকে রক্ষা করা সম্ভব হয়েছে।
টেলিভিশনের লাইভ সম্প্রচারে দেখা যায়, ছায়ানট ভবনের ভেতরে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ভবনের বিভিন্ন স্থানে কাঁচ ভাঙা এবং অগ্নিকাণ্ডের ফলে দেয়াল ও আসবাবপত্রে পোড়া চিহ্ন স্পষ্ট।
উল্লেখ্য, এই ভবনে শিশুদের জন্য বিদ্যালয়সহ সংগীত, নৃত্য, আবৃত্তি ও নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। সাংস্কৃতিক প্রাণকেন্দ্রে এমন হামলার ঘটনায় দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন। বর্তমানে ভবন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজও চলছে।