ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে কয়েকশ মানুষ ওই বাড়িতে হামলা চালায় এবং একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিক্ষোভকারীরা ভবনটি গুঁড়িয়ে দিতে সেখানে বুলডোজার নিয়ে আসে।
আজ শুক্রবার সকালেও ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে। সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়, ভবনের একটি অংশ আগুনে পুড়ছে এবং অন্য একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছে ক্ষুব্ধ জনতা। এ সময় তারা হাদি হত্যার বিচার দাবি করে এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
উল্লেখ্য যে, ৫ আগস্টের পর এই ঐতিহাসিক ভবনটিতে আরও দুবার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
হাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ ও এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সময়ের সাথে সাথে প্রতিবাদকারীদের সংখ্যা বাড়তে থাকে এবং বিক্ষোভের রেশ শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে উত্তেজিত জনতা কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেলেও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।