জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারীর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুমানমর্দন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল, হাইয়েস গাড়ি ও হেঁটে একদল মানুষ সাবেক এই মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নেয়। তারা প্রথমে বাড়িতে ভাঙচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। হামলার সময় আনিসুল ইসলাম মাহমুদ বা তার পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সাথে জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, দলের গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে এই হামলার ঘটনার প্রেক্ষাপটে এবং দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আজ শনিবার জরুরি সভা ডেকেছে জাতীয় পার্টি। দুপুর ১২টায় রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে দলটির প্রেসিডিয়াম বোর্ডের এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় উদ্ভূত পরিস্থিতিতে দলের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।