‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’: ফরিদপুরে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫৮

0
55

দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ফরিদপুরে সাবেক এক যুবলীগ নেতাসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ফরিদপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাও (৪৭) রয়েছেন। রোববার দিবাগত রাতে জেলার বোয়ালমারী পৌর সদরের চতুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মনিরুজ্জামান মৃধা ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা নির্বাচনে এবং ২০২১ সালে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লিটন মৃধাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তবে লিটন মৃধার স্ত্রী নাসরিন নবী গিনি দাবি করেছেন, তাঁর স্বামীর নামে আগে কোনো মামলা ছিল না। রোববার রাতে হঠাৎ পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং আজ জানতে পেরেছেন তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বলেন, “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় গত দুদিন ধরে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।” জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।