পটুয়াখালীর মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, আহত ১

0
79

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক সিয়াম পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে। এ ঘটনায় আহত আবদুল আল মাহমুদ মির্জাগঞ্জের বাদল হাওলাদারের ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।

পুলিশ জানিয়েছে, নিহত সিয়াম মির্জাগঞ্জে তাঁর খালুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় এই দুই খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।

কী কারণে এই হামলা করা হয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখন পর্যন্ত জানা যায়নি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়েছে। তিনি সুস্থ হলে এই ঘটনার সঠিক তথ্য জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।