নওগাঁর ধামইরহাট উপজেলায় পুকুর খননের সময় আনুমানিক ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শিমুলতলী বিওপির আওতাধীন নলপুকুর বুড়োল দিঘী এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, নলপুকুর বুড়োল দিঘীতে খনন কাজ চালানোর সময় শ্রমিক ও স্থানীয়রা একটি পাথরের মূর্তি দেখতে পান। বিষয়টি বিজিবিকে জানানো হলে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে ২৭ কেজি ৫৮০ গ্রাম ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মূর্তিটি স্বর্ণকারের মাধ্যমে নাইট্রিক অ্যাসিড পরীক্ষা ও অন্যান্য যাচাই-বাছাই করা হয়। পরীক্ষায় এটি উচ্চমানের এবং অত্যন্ত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি হিসেবে শনাক্ত করা হয়। জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, মূর্তিটির বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা হতে পারে।
অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ, দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত মূর্তিটি নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি কোষাগারে বা জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।