লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দুর্গাপুর বিওপির একটি টহল দল তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ কুমার দাস (২৫)। তিনি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৯২৫/৫-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং একটি ভারতীয় আধার কার্ডের ফটোকপি জব্দ করা হয়। বৈধ কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশ করায় তাকে আটক করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে লালমনিরহাটের আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অধিনায়ক আরও বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”