বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় অবতরণ করে।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এই ফ্লাইটটি যাত্রা শুরু করে। তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সময় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি বাসা থেকে বের হন এবং বিকেল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে আরও আছেন মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।
যাত্রা পথে তারেক রহমান প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেটে পৌঁছায়। এরপর সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ তারেক রহমানের ঢাকায় অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।