৫৫ বছরেও পাকা হয়নি ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

0
0
৫৫ বছরেও পাকা হয়নি ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাজার থেকে কমলাবাড়ী ইউনিয়নের সংযোগ সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা স্বাধীনতার ৫৫ বছর পরও পাকাকরণ হয়নি। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা ও জলাবদ্ধতা তৈরি হয়। কোথাও কোথাও হাঁটুসমান কাদা জমে থাকায় পথচারী, মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন কাদায় আটকে যাওয়ায় বাড়ছে যাতায়াতের সময় ও খরচ।

স্থানীয়দের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও কৃষকদের। এ সড়ক দিয়ে প্রতিদিন দুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুহুলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। বর্ষাকালে কাদা মাড়িয়ে চলাচল করতে গিয়ে অনেক শিক্ষার্থী দুর্ভোগের শিকার হচ্ছে।

এ ছাড়া কৃষকরা উৎপাদিত পণ্য বাজারে নিতে সমস্যায় পড়ছেন। সড়কের বেহাল অবস্থার কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্য পরিবহন করতে হচ্ছে। অনেক সময় যানবাহন প্রবেশ করতে না পারায় সময়মতো কৃষিপণ্য বাজারজাত করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা সুমন অধিকারী বলেন, স্বাধীনতার পর থেকে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে আছে। বহুবার দাবি জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

আরেক বাসিন্দা নুর হাবিব বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো শুধু আশ্বাসই মিলেছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি পাকাকরণ করা হলে শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি হবে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, রাস্তাটিকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনতে রোড আইডির জন্য প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। গেজেটভুক্তির প্রক্রিয়া শেষে সরকারি বরাদ্দ পাওয়া গেলে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here