এনসিপি ও জামায়াতের সম্ভাব্য জোট গঠন সংশ্লিষ্ট দলগুলোর নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে তাদের বর্তমান সিদ্ধান্তের সামঞ্জস্য নেই।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে নির্বাচনসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরা হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশনা জটিলতা সৃষ্টি করছে। বিষয়টি কমিশনের নজরে আনা হয়েছে এবং এ নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের অপব্যবহার ও অপপ্রচার নিয়ে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের সময় এআই ব্যবহার করে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর আশঙ্কা রয়েছে, যা নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কমিশনের কাছ থেকে স্পষ্ট ও দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা করে বিএনপি।