নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন

0
47

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক তানসিম জারা দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং আরেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন পদত্যাগের পাশাপাশি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

ফেসবুক পোস্টে মনিরা শারমিন লেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা এনসিপি গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মধ্যপন্থি রাজনীতির একমাত্র ভরসাস্থল ছিল। তিনি নওগাঁ-৫ আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন। তবে মনোনয়ন পাওয়ার আগে তিনি জানতেন না যে দলটি জামায়াতের সঙ্গে ৩০টি আসনে সমঝোতায় যাচ্ছে। তার ধারণা ছিল, দলটি ৩০০ আসনেই প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনে যাবে। দলের অবস্থান পরিবর্তনের কারণে তিনি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক শক্তিতে তার বিশ্বাস রয়েছে এবং দলের প্রতি তার অঙ্গীকার তিনি ভাঙেননি। তবে এই মুহূর্তে দলের প্রতি দায়বদ্ধতার চেয়ে গণঅভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নির্বাচনের জন্য নেওয়া অনুদান প্রসঙ্গে মনিরা শারমিন বলেন, তিনি কিছুদিন আগে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অনুদান গ্রহণ করেছিলেন। যারা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান দেখে তাকে অনুদান দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। কেউ যদি অনুদানের অর্থ ফেরত চান, একজন হলেও তিনি সেই অর্থ ফেরত দেবেন। দ্রুততম সময়ের মধ্যে বিকাশের মাধ্যমে অনুদান ফেরত দেওয়া হবে বলেও তিনি জানান। সমর্থকদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তিনি ক্ষমতার রাজনীতি করতে আসেননি এবং সিট ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় গিয়ে মানুষের সঙ্গে বেইনসাফি করতে চান না।

তবে দল থেকে পদত্যাগের বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেননি বলে স্পষ্ট করেন মনিরা শারমিন। তিনি বলেন, এনসিপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এবং দলের সঙ্গে তার সম্পর্ক গভীর। নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে বা ক্ষমতার লোভে তিনি রাজনীতি করতে চান না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।