পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ছাড়াল ৮ লাখ ৫২ হাজার

0
34

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা ৮ লাখ ৫২ হাজার ৩০৮ জনে পৌঁছেছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ৭ লাখ ৭০ হাজার ৭২৯ জন এবং নারী ৮১ হাজার ৮৮০ জন। এর মধ্যে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ২ লাখ ৮০ হাজার ২৮১ জন ভোটার।

গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা এ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, তানজানিয়া, ঘানা, মরক্কো, চিলি, তাইওয়ান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বহু দেশ থেকে ভোটাররা নিবন্ধন করেছেন।

ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।