জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার পদত্যাগের পর একই দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। তার নির্বাচনী এলাকা ঢাকা-৯, যার মধ্যে রয়েছে সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা এলাকা।
ফেসবুক পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। তবে বর্তমান বাস্তবতায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে অঙ্গীকার তিনি করেছেন, তা রক্ষার লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামছেন বলে জানান তিনি।
তাসনিম জারার এ ঘোষণার পরপরই তার স্বামী খালেদ সাইফুল্লাহর পদত্যাগের খবর আসে, যা এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।