শ্রদ্ধা আর আবেগের রাতে জোতার স্মরণে জয় তুলে নিল লিভারপুল

0
38

গত জুলাইয়ে স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ডিওগো জোটাকে এখনো ভুলতে পারেননি তার সতীর্থ ও ক্লাবভক্তরা। অ্যানফিল্ডে উলভারহ্যাম্পটন ও লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে তাই অন্যরকম আবহ তৈরি হয়। প্রয়াত এই পর্তুগিজ ফরোয়ার্ডকে স্মরণ করে দুই ক্লাবই আবেগঘন শ্রদ্ধা জানায়।

জোতার তিন সন্তানের মধ্যে দুই ছেলে দিনিস ও দুয়ার্তেকে পরিবারের আরও কয়েকজন শিশুর সঙ্গে মাসকট হিসেবে মাঠে নামানো হয়। একজন ছিলেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকের পাশে, অন্যজন উলভারহ্যাম্পটনের গোলরক্ষক হোসে সার সঙ্গে। টাচলাইনে দাঁড়িয়ে ছিলেন তাদের মা রুতে। ম্যাচের ১৮তম মিনিটে উলভারহ্যাম্পটন তাদের ১৮ নম্বর জার্সিধারী জোটাকে গান গেয়ে স্মরণ করে। একইভাবে ২০ নম্বর জার্সিধারী জোটার প্রতি ২০তম মিনিটে বিশেষ শ্রদ্ধা জানায় লিভারপুল।

এই আবেগঘন মুহূর্তের পর মাঠের খেলায় দাপট দেখায় স্বাগতিকরা। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। রেকর্ড ট্রান্সফার ফিতে বেয়ার লেভারকুসেন থেকে আসা ফ্লোরিয়ান উইর্টজ ক্লাবটির জার্সিতে নিজের প্রথম গোলটি করেন। তার ঠিক ৮৯ সেকেন্ড আগে দলকে এগিয়ে দিয়েছিলেন রায়ান গ্রাভেনবার্খ। গোলের পর ক্রোকোডাইল উদযাপনের মাধ্যমে জোটার স্মৃতিকে আরও জীবন্ত করে তোলেন তিনি।

বিরতির পর লিগ টেবিলের তলানিতে থাকা উলভারহ্যাম্পটন এক গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই তোলু আরোকোদারের হেড আলিসন বেকার ঠেকালেও ফিরতি শটে জাল কাঁপান বুয়েনো। এতে কিছু সময় চাপে পড়ে লিভারপুল। শেষ দিকে জন আরিয়াসের শট কনর ব্র্যাডলির সময়োচিত ট্যাকলে রুখে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে অলরেডরা। টানা তিন জয়ে ১৮ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ায় ৩২, অবস্থান চতুর্থ। অন্যদিকে উলভারহ্যাম্পটনের দুর্দশা কাটেনি। টানা ১০ হারসহ ১৭ ম্যাচ জয়হীন থেকে ১৮ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগের একেবারে তলানিতেই রইল দলটি।