টিসিবি পণ্য বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করায় ডিলারসহ ২ জন আটক

0
74

শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য অবৈধভাবে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজ-এ এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, টিসিবির ডিলার মো. শহিদুল ইসলাম তার পরিচিত কাঁচামালের আড়তদার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজের মালিক মো. বেলায়েত হোসেনের গুদামে পণ্যগুলো মজুত করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও নকলা থানার পুলিশ উপস্থিত ছিল।

অভিযানে জব্দকৃত টিসিবি পণ্য: চাল: ২০০ কেজি, তেল: ৫৪ লিটার, ডাল: ২৬ কেজি, চিনি: ১০ কেজি।

জব্দকৃত পণ্যের সঙ্গে সঙ্গে গুদামের মালিক মো. বেলায়েত হোসেন (পশ্চিম লাভা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে) এবং টিসিবি ডিলার মো. শহিদুল ইসলাম (সাইলামপুর গ্রামের মো. আব্দুল কালামের ছেলে)-কে আটক করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত পণ্য ও আটক দু’জনকে নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।