আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে বগুড়া সদর আসনের প্রার্থী হিসেবে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সিনিয়র নেতারা।
এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন—বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, গাবতলী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে বগুড়া-৭ সংসদীয় আসনের প্রার্থী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।