বরিশালের ঐতিহাসিক বেল পার্কে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
এবারের বইমেলায় বিপুলসংখ্যক লাইব্রেরি ও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলা উপলক্ষে সোমবার বিকেলে বরিশাল বিভাগীয় সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুল হক বইমেলার সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সমাজে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার গুরুত্বের কথাও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনাররাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মঙ্গলবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এবারের বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হবে।