বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।
শোকবার্তায় প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি উল্লেখ করে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সবাই যেন তার জন্য দোয়া ও প্রার্থনা করেন।
এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।