ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে খুলনা-৩ আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকায় তথ্যের গড়মিল এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় ঋণ খেলাপি থাকার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই শেষে ৯ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বুধবার সকাল ১১টা থেকে যাচাই-বাছাই শুরু হয়। এতে স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক এবং আব্দুর রউফ মোল্লার মনোনয়নপত্র বাতিল হয়।
রিটার্নিং অফিসার ফয়সল কাদের বলেন, এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকায় তথ্যের অসঙ্গতির কারণে আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় ঋণ খেলাপি হিসেবে নাম থাকায় এস এম আরিফুর রহমান মিঠুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এদিকে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।
রিটার্নিং অফিসার আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।