সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

0
58

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে না।

পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি একই সময়ে এবং পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, অনিবার্য কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি (শুক্রবার) পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়, কেন্দ্র ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।