ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ

0
50

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি পদত্যাগ করেন। বর্তমানে তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর দুই দিন পর, ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দেন।

পরদিন ৮ আগস্ট সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।