তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সে তিনটি পারমাণবিক চুল্লির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে আরও আটটি চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধান জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ইডিএফ।
রবিবার ফরাসি জ্বালানি প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিবেশ সুরক্ষা বিধি মেনে চলতে এবং নদীর পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইডিএফের তথ্য অনুযায়ী, গারোন, রোন ও মিউজ নদীর তীরে অবস্থিত গলফেচ, বুগে ও চুজ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি চুল্লি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাপপ্রবাহের কারণে নদীর পানি এমনিতেই উষ্ণ হয়ে উঠেছে। বিদ্যুৎকেন্দ্রের চুল্লি ঠান্ডা রাখতে নদীর পানি ব্যবহার করা হয়, পরে সেই গরম পানি আবার নদীতে ফেরত দেওয়া হয়। এতে নদীর পানির তাপমাত্রা আরও বেড়ে গিয়ে পরিবেশের ক্ষতি হতে পারে। তাই অতিরিক্ত গরম পানি নদীতে না ছাড়তেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফ্রান্সের অর্থ মন্ত্রণালয় শনিবার বুগে বিদ্যুৎকেন্দ্রের আশপাশে রোন নদীর পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাময়িক ছাড় দিয়েছে। দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ রাখতে আগামী ২০ জুলাই পর্যন্ত এই অনুমোদন কার্যকর থাকবে।
তীব্র গরমের কারণে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইডিএফকে পারমাণবিক চুল্লির কার্যক্রম কমাতে বা বন্ধ করতে হলো। এর আগে জুন মাসে রেকর্ড তাপপ্রবাহের সময়ও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এদিকে চলতি তাপপ্রবাহে রোববার ফ্রান্সের এক-তৃতীয়াংশের বেশি এলাকা সর্বোচ্চ সতর্কতার আওতায় ছিল। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনেক অঞ্চলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
তীব্র গরমে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে সময়সূচি কমানো হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং ট্যুর দ্য ফ্রান্স সাইক্লিং প্রতিযোগিতার একটি ধাপও সংক্ষিপ্ত করা হয়েছে।
এছাড়া তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও বেড়েছে।