রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান রুবেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।