রাজবাড়ী জেলা কারাগারের সামনে পূর্বশত্রুতার জের ধরে জামিনে মুক্ত এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষ্মীপুর এলাকায় জেলা কারাগারের গেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী শিমুল ও সাব্বিরের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক কারাগার থেকে জামিনে মুক্ত গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে নয়ন মন্ডলকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
একটি সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী পিয়ারুল ও শিমুলের মধ্যে বিরোধ চলছিল। জামিনে মুক্ত নয়ন মন্ডল পিয়ারুল গ্রুপের সদস্য হওয়ায় শিমুল গ্রুপের শিমুল, সাব্বির, কিবরিয়া ও অজ্ঞাত আরও কয়েকজন সন্ত্রাসী তাকে প্রাণনাশের উদ্দেশ্যে এই হামলা চালায়।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, সন্ধ্যায় কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর নয়ন নামের এক যুবককে তার প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করে গুলি করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি তাজা অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।