নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে চৌমুহনী বাজারের আবাসিক হোটেল রিয়াদের ৩০২ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো. জাহিদ হাসান রাসেল (৪০): চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর গ্রামের শহীদ হক ওরফে বাবুল মোল্লার ছেলে ও মোহাম্মদ বসু (৪২): দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসুর নতুন বাড়ির মো. নাসির আহাম্মেদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আবাসিক হোটেল রিয়াদে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে তাদের কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি মো. আব্দুল বারী বলেন, তারা অপরাধ সংগঠনের উদ্দেশ্যেই ওই হোটেলে অবস্থান করছিল। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করে আসামিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।