তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা

0
34

ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাই শেষে ভোটার তথ্যে গরমিলের কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, তাসনিম জারা তার নির্বাচনি হলফনামায় বাংলাদেশে এবং বিদেশে আয় সংক্রান্ত তথ্য উল্লেখ করেছেন। সেখানে দেখা যায়, তিনি বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে বছরে ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা আয় করেন। পাশাপাশি বিদেশি আয়ের অংশ হিসেবে তিনি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা, ঘোষণা করেছেন। সব মিলিয়ে তার বার্ষিক আয় দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।

একই হলফনামায় তার স্বামী খালেদ সাইফুল্লাহর আয় সংক্রান্ত তথ্যও প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তার স্বামীর বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। তিনি আয়কর হিসেবে ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন বলেও উল্লেখ রয়েছে। চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। তার ব্যাংক সঞ্চয় খুবই সীমিত, ব্যাংকে জমা রয়েছে মাত্র ২৬৪ টাকা।

রিটার্নিং কর্মকর্তার ঘোষণায় আরও উল্লেখ করা হয়, তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়া নেই। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমির মালিক নন বলেও হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, তার ঘোষিত গয়নার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা এবং ২ হাজার ২৭০ পাউন্ড। এছাড়া তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা আছে ১০ হাজার ১৯ টাকা। তার স্বামী খালেদ সাইফুল্লাহর কাছে নগদ রয়েছে ১৫ লাখ টাকা এবং ৬ হাজার পাউন্ড।

উল্লেখ্য, পেশাগতভাবে তাসনিম জারা একজন চিকিৎসক এবং তার স্বামী একজন উদ্যোক্তা ও গবেষক। সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার জন্ম ৭ অক্টোবর ১৯৯৪ সালে। তিনি এমএসসি ডিগ্রিধারী।