গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতা মাহাদীর জামিন শুনানি আজ

0
70

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। শনিবার দিনগত রাত ১টার দিকে তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, আজ রোববার (৪ জানুয়ারি) সকালে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে পুলিশ মাহাদী হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দ্রুত হবিগঞ্জ সদর থানার সামনে জড়ো হন। এ সময় তারা মাহাদীর মুক্তির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী এসে থানার সামনে অবস্থান নেয়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে রাতেই মাহাদী হাসানকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ তাদের জানিয়েছে যে সন্তোষ হত্যা মামলায় মাহাদী হাসানকে গ্রেপ্তার করা হয়নি। থানায় সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে একটি মামলা হয়েছে। যেহেতু ৫ আগস্টের ঘটনার কোনো মামলা চলমান নয়, সেহেতু এ মামলায় গ্রেপ্তারের সুযোগ নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, মাহাদী জামিনে মুক্তি পেলে আনন্দ মিছিল করা হবে এবং ততক্ষণ সবাইকে শান্ত থাকতে হবে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।