ঝিনাইদহের শৈলকূপায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ বাজার সংলগ্ন বড়দাহ পুরাতন ব্রিজ এলাকায় শনিবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক ও তার সহযোগীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের চালক সোহেল শেখ এবং মুবারক হোসেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ডাল বোঝাই ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং রেলিং ভেঙে সরাসরি নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
আজ রবিবার ভোরে মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয় এবং সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।